নাটোর প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় এলে দেশের খেলোয়াড়দের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য সরকারি ভাতা চালু করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, গত ১৭–১৮ বছর ধরে খেলাধুলাকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হয়েছে। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তারা ভালো খেলোয়াড় হওয়া সত্ত্বেও জাতীয় কিংবা আন্তর্জাতিক দলে সুযোগ পাননি। খেলাধুলার মতো একটি গর্বের জায়গাকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস করেন, খেলাধুলা শুধু বিনোদন নয়। এটি একটি জাতির গর্ব ও পরিচয়ের অংশ। একজন খেলোয়াড় মাঠে লাখো মানুষের আনন্দের উৎস হন, কিন্তু অবসর নেওয়ার পর অনেককেই কষ্টের জীবন কাটাতে হয়। তাই বিএনপি ক্ষমতায় এলে অবসরপ্রাপ্ত জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য সরকারি ভাতা ও পেনশনের ব্যবস্থা করা হবে।
খেলাধুলার প্রাতিষ্ঠানিক কাঠামো পুনরুজ্জীবনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, একসময় স্কুল পর্যায় থেকে শুরু করে ইন্টার স্কুল ও ইন্টার কলেজ খেলাধুলা নিয়মিত অনুষ্ঠিত হতো। আমরা নিজেরাও ঢাকায় গিয়ে এসব খেলায় অংশ নিয়েছি। কিন্তু গত কয়েক বছরে এসব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে এসব প্রতিযোগিতা আবার চালু করা হবে এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিমসহ বিএনপি ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ঝুম