বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে হামলার পর স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম.এ.এইচ. সেলিম। তিনি বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত খাবার লুট করে নিয়ে যায় এবং কিছু খাবার নষ্ট করে ফেলে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রায় ছয় হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। হামলার ঘটনায় দুইজন ব্যক্তি আহত হন। এ সময় ঘটনাস্থলে থাকা ডেকোরেটর, বাবুর্চি ও অন্যান্য কর্মচারীদেরও হুমকি-ধামকি দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়।
আহতদের মধ্যে মাইনুল নামের একজন বলেন, “একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে এবং দোয়া মাহফিলটি বানচাল করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে।”
রামপাল উপজেলার ৬ নং হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছোবহান মোল্লা বলেন, হামলার সময় জীবন বাঁচাতে মোবাইল ফোন ফেলে থানার ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/এসএন