বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত হোটেল সান অ্যান্ড সি’তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় এই জরিমানা আরোপ করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, হোটেলটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের পরিবেশ অত্যন্ত নোংরা ও ঝুঁকিপূর্ণ। পরিদর্শনকালে খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের আলামত পাওয়া যায়। পাশাপাশি রান্নাঘরে ইঁদুরের অবাধ বিচরণ, অপরিষ্কার মেঝে ও বাসনপত্র, এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র ধরা পড়ে।
এ ছাড়া ফ্রিজে কাঁচা ও রান্না করা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা খাদ্য নিরাপত্তা আইনের সরাসরি লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের আওতায় হোটেল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য নিরাপত্তা অফিসার মো. রাসেল। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা আবদুল কাদের ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। খাদ্যে ভেজাল, নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, ভবিষ্যতেও বগুড়াসহ জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে নজরদারি ও অভিযান জোরদার করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি