হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা হলেও স্ত্রীর নামে কোনো সম্পদ, গহনা বা নগদ অর্থ নেই। তাহেরীর নিজের নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ।
হলফনামায় গিয়াস উদ্দিন তাহেরী উল্লেখ করেছেন, তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ। তার অস্থাবর সম্পদ হিসেবে কৃষি খাত থেকে বছরে আয় ২৬,৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা, এবং ব্যাংক সুদ থেকে ২২,৮৯২ টাকা। নগদ অর্থ আছে ৪১,২৮৬ টাকা, ব্যাংকে জমা ৭ লাখ ৬৩,৬০৬ টাকা, এবং স্বর্ণের মূল্য ৬ লাখ টাকা। এছাড়া আসবাবপত্র আছে ৫ লাখ টাকার। এই হিসেবে তার মোট অস্থাবর সম্পদ ১৯ লাখ ৪,৮৯২ টাকা।
স্থাবর সম্পত্তির মধ্যে কৃষিজমি আছে ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার, যা বর্তমান মূল্য ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। তবে তাহেরীর স্ত্রী বা অন্য নির্ভরশীলদের নামে কোনো সম্পদ, গহনা বা নগদ অর্থ দেখানো হয়নি।
হলফনামায় তিনি আরও উল্লেখ করেছেন, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে এবং হবিগঞ্জের মাধবপুরে শ্বশুর বাড়ি হওয়ায় এ আসনে প্রার্থী হয়েছেন। তাহেরীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে, যা সবই চলমান এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি