কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
মাতারবাড়ীর বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা জানান, রাত ৯টার পর হঠাৎ টাউনশিপের স্ক্র্যাপ ইয়ার্ডের গুদামে আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির গুরুতরতা দেখে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়।
মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিট কাজ করেছে এবং বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
মাতারবাড়ীর সমাজকর্মী সমীর উদ্দিন বলেন, খোলা জায়গায় রাখা কাঠ, টিন, লোহার রডসহ বিভিন্ন মালামাল থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। অনেক সময় রাতের বেলায় এখানে লোকজন ঢুকে মালামাল চুরি করে নেয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম আগুনের সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রনে এসেছে এবং প্রশাসনের দায়িত্বশীলরা বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন।
আগুনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, যার কারণে অনেক পরিবার নিরাপত্তার স্বার্থে বাড়ি থেকে বের হয়ে আসে।
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে নির্মিত মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট।