| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১২:৪০:৩১:অপরাহ্ন  |  ৯৫৯১৬০ বার পঠিত
নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত বিপ্লব চন্দ্র শীল (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনীর মেটলাইফ এজেন্সির বসুরহাট বাজার ইউনিটের ম্যানেজার ছিলেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কবিরহাট-টু-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সাবেক সহকর্মী আব্দুল মোবারক হৃদয় জানান, বিপ্লব পরিবার নিয়ে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার দুপুরে তিনি পারিবারিক কাজে কবিরহাট যান। পরে সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে ভগ্নিপতি পলাশ চন্দ্র শীলকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জের বাসার উদ্দেশ্যে রওনা দেন।

পথে মোটরসাইকেলটি কবিরহাট-টু-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় পৌঁছালে কবিরহাটগামী একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বিপ্লব চন্দ্র শীল মাথায় গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় নিহতের ভগ্নিপতি পলাশ চন্দ্র শীলও গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কবিরহাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর থেকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪