চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত খাবার তৈরি ও বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক প্রকৌশলী মো. আমিনুল ইসলাম শাকিল।
তিনি বলেন, অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, পাউরুটি ও কেকজাত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের অপরাধে হাজীগঞ্জ বাজারের মিনহাজ ফুডস নামের প্রতিষ্ঠানের মালিককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫০ হাজার টাকা এবং একই আইনে ইউনিক লাইভ বেকারির মালিককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. রাজিব ফকির।
জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিদর্শক প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল।
রিপোর্টার্স২৪/এসএন