| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির কাছে তথ্য গোপন সাবেরা সুলতানার, ঋণখেলাপির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৪:০১:৩৫:অপরাহ্ন  |  ৯৬৭১৫৯ বার পঠিত
ইসির কাছে তথ্য গোপন সাবেরা সুলতানার, ঋণখেলাপির অভিযোগ

যশোর প্রতিবেদক: যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেরা সুলতানার (মুন্নি) বিরুদ্ধে ঋণখেলাপিসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে । ব্যাংক এশিয়া লিমিটেডের দায়ের করা মামলায় তাকে ঋণখেলাপি উল্লেখ করে আদালত রায় দিয়েছেন। একই সঙ্গে প্রায় সাড়ে ৯ কোটি টাকা পরিশোধের ডিক্রি জারি করা হয়েছে।

ঢাকার অর্থঋণ আদালত (৫) গত ৬ জানুয়ারি সাবেরা সুলতানাকে ঋণখেলাপি ঘোষণা করে রায় প্রদান করেন। প্রাপ্ত রায়ের কপিতে ব্যাংকের অর্থ আত্মসাতের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, সাবেরা সুলতানাকে ব্যাংক এশিয়া লিমিটেডের অনুকূলে ৯ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৫৮২ টাকা পরিশোধ করতে হবে।

এছাড়াও সাউথইস্ট ব্যাংক থেকে নেওয়া আরও ৬ কোটি টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে, যা ঋণখেলাপির অভিযোগকে আরও জোরালো করেছে।

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে ৮২ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। অথচ একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেরা সুলতানার মনোনয়ন কেন বাতিল হয়নি—এ নিয়ে জনমনে তীব্র প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শুরু থেকেই সাবেরা সুলতানার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠে। অভিযোগ রয়েছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার বিষয়টি এবং বর্তমানে মাননীয় আপিল বিভাগে বিচারাধীন মামলার তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা সরাসরি নির্বাচনী আইন লঙ্ঘনের শামিল।

তথ্য অনুযায়ী, ঢাকার ৭ম বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা মামলায় সাবেরা সুলতানাকে প্রতিটি ধারায় ৩ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে আদালত তার ১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেন।

পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে। ফলে মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে।

তবে ঋণখেলাপি হওয়ার বিষয়টি এবং দুর্নীতির মামলার তথ্য গোপন করেই সাবেরা সুলতানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে অভিযোগ উঠেছে। এতসব অনিয়ম, আদালতের রায় ও গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার মনোনয়নপত্র বাতিল না হওয়ায় নির্বাচনী এলাকা যশোর-২সহ সর্বস্তরে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪