| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি-আইসিসি দ্বন্দ্ব: বুলবুলের সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ আইসিসি বোর্ড

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৬:০৬:১৪:অপরাহ্ন  |  ৬৫৪১৫৫ বার পঠিত
বিসিবি-আইসিসি দ্বন্দ্ব: বুলবুলের সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ আইসিসি বোর্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে আইসিসির কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছিল। তবে আইসিসি তা প্রত্যাখ্যান করে। এরপরও বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে।

বিসিবি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি)-র কাছে আপিল করে। কিন্তু আপিলটি সাব কমিটির এখতিয়ারের বাইরে থাকায় শুনানিতে নেওয়া হবে না। ডিআরসির টার্ম অব রেফারেন্সের ধারা ১.৩ অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি।

ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি

আইসিসির ডিআরসি-র সিদ্ধান্তের পর বিসিবি শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিবির এক সূত্র জানিয়েছেন, হ্যাঁ, বিসিবি আইসিসি-র ডিআরসির কাছে গেছে, কারণ তারা সব বিকল্প যাচাই করতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির কাছে যাওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।

আইসিসি বোর্ডের ক্ষোভ: বুলবুলের সংবাদ সম্মেলন

পিটিআই জানিয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর আইসিসি বোর্ড সদস্যরা ক্ষুব্ধ। নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র জানিয়েছে, বুলবুল কেন আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করলেন? আসিফ নজরুলের আইসিসির সঙ্গে সংশ্লিষ্টতা নেই, কিন্তু বুলবুলের উচিত হয়নি আইসিসির সিদ্ধান্ত তাদের জানানোর আগেই সংবাদ সম্মেলন করা।

তারা আরও জানায়, বাংলাদেশের এমন সিদ্ধান্তে আইসিসি কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে পারেন। পিটিআই সূত্রে শোনা যাচ্ছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ দুবাই পৌঁছেছেন এবং শনিবার (২৪ জানুয়ারি) সেখানে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন।

আইসিসির চাপে বিসিবি: সময়সীমা ও অবস্থান

গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারত থেকে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪