| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, খেলবে স্কটল্যান্ড

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৬:৫১:২৩:অপরাহ্ন  |  ৬৫৩৭৬৫ বার পঠিত
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, খেলবে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিলবিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত। সভায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়, বাংলাদেশকে খেলতে হলে ভারতীয় ভেন্যুতেই খেলতে হবে, অন্যথায় বিকল্প দল নির্বাচন করা হবে।

আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাদের অবস্থান পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকে। সময়সীমা শেষ হওয়ার প্রায় দুই দিন পর আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়া হচ্ছে। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাচ্ছে। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর গ্রুপের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

ক্রিকবাজ স্কটল্যান্ড ক্রিকেটের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, এ বিষয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

অন্যদিকে, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি চিঠির মাধ্যমে বিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি। গতকাল (শুক্রবার) দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ওই বৈঠকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অবস্থান নেন বলে জানা গেছে।

এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-র দ্বারস্থ হয়েছিল। তবে ডিআরসি এই বিষয়ে শুনানি গ্রহণ না করে বিসিবির আবেদন খারিজ করে দেয়। ফলে আইসিসির আগের সিদ্ধান্তই বহাল থাকে।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে পড়া এখন কার্যত চূড়ান্ত হলো।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪