স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের জন্য আবারও সাকিব আল হাসানকে বিবেচনায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের অক্টোবর মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে শেষবার জাতীয় জার্সিতে খেলা সাকিবকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে বোর্ড।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সাকিবের সঙ্গে বোর্ড যোগাযোগ করেছে। হোম ও অ্যাওয়ে—দুই ধরনের সিরিজই খেলতে পারবেন কি না তা জানতে চাওয়া হয়েছে। সাকিব জানিয়েছেন, তিনি খেলতে চান। সেই অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।
সাকিবের নামে জুলাই আন্দোলনে হত্যা মামলা এবং দুদকের মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় সরকারের অধীন। বোর্ডের কাজ প্লেয়ার সাকিবকে খেলাতে চাওয়া। আইনি বিষয়ে সিদ্ধান্ত সরকার ও আইনগত প্রক্রিয়ার বিষয়।
বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, সাকিব একটি ব্র্যান্ড। এমন প্লেয়ার আমরা ১০০ বছরেও পাব না। আমাদের বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় সাকিবকে রাখার প্রস্তাব রাখা হয়েছে। সাকিব দেশে এসে রিটায়ার করতে চাইলে সেটা তার ইচ্ছা। কিন্তু আমরা তাকে খেলাতে চাই।
অন্যদিকে, সাকিবের ‘অ্যাভেইলঅ্যাবিলিটি’, ফিটনেস এবং যেখানে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে পরবর্তী সিরিজের জন্য তাকে সিলেকশনের জন্য বিবেচনা করা হবে—এও জানিয়েছেন আমজাদ হোসেন।
তিনি বলেন, সাকিব যদি আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নিতে চান, সেখানে প্রয়োজন অনুযায়ী বোর্ড এনওসি (NOC) দেবে।
এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে সাকিবের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে আলোচনা করবেন বলে জানান।
সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন গত বছরের ১ অক্টোবর। এরপর নানা কারণে তিনি দেশে ফিরতে পারেননি।
রিপোর্টার্স২৪/বাবি