| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে না থাকায় বিকল্প টুর্নামেন্টের পথে বিসিবি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৬:০৯:১৫:পূর্বাহ্ন  |  ৬৪৭১০৩ বার পঠিত
বিশ্বকাপে না থাকায় বিকল্প টুর্নামেন্টের পথে বিসিবি

স্পোর্টস ডেস্ক: আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না—এটি এখন নিশ্চিত। টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে বিশ্বকাপের সময়সূচিতে বাংলাদেশের যে ফাঁকা সময় তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে দেশে একটি বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় শুরু হওয়া বিসিবির জরুরি সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত টানা প্রায় সাত ঘণ্টা বৈঠক চললেও শেষ খবর পাওয়া পর্যন্ত সভা শেষ হয়নি। বৈঠকে অনুপস্থিত পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। এছাড়া সভা চলাকালে কয়েকজন পরিচালক একপর্যায়ে বৈঠক ত্যাগ করেন।

বিসিবি সূত্র জানায়, মূলত বিশ্বকাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে এই সভা ডাকা হয়েছিল। বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ ধরে রাখতে নতুন একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব উঠে আসে।

বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্বকাপের সময় একটি নতুন টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সভায় আলোচনা হয়েছে। যখন বিশ্বকাপে খেলা হচ্ছে না, তখন বসে থাকার সুযোগ নেই। ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনের জন্য বিকল্প আয়োজন জরুরি।

এর আগে শুক্রবার বিপিএল ফাইনাল শেষে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বিসিবির প্রতি আহ্বান জানান, বিশ্বকাপে অংশ না নিতে পারলে খেলোয়াড়দের জন্য বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজনের। বিসিবি এখন সেই দিকেই এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪