| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ নয়, ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান!

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৭:২৮:৫০:অপরাহ্ন  |  ৬৪২৭৪৮ বার পঠিত
বিশ্বকাপ নয়, ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় আইসিসির ওপর চরম ক্ষুব্ধ পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই আচরণকে ‘বৈষম্যমূলক’ এবং ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যা দিয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহারের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইসলামাবাদ। মাঝে যে গুঞ্জন উঠেছিলো বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তা এখনও চলমান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে। 

এবার সামনে এলো নতুন খবর। আর তা হলো বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের চিন্তা করছে দলটি। সূত্র: জিও সুপার

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা পাকিস্তানের। তবে বোর্ডের ভেতরের সূত্র জানিয়েছে, তারা প্রতিবাদের নানান ধরন যাচাই করছে এবং সব রাস্তাই খোলা রেখেছে, সেটা হতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ না করাও।

সূত্রগুলো বলছে, ভারত ম্যাচ বয়কট করেও আইসিসিকে ক্ষতির মুখে ফেলার কথাও ভাবছে তারা। সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতে দ্বিতীয়বার ভাবছে না পাকিস্তান। তবে দলটির শেষ সিদ্ধান্ত জানা যাবে সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বৈঠকের পরই।

পাকিস্তান সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে যে, আইসিসির এই একপেশে অবস্থানের প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট দলকে (পিসিবি) ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পাঠানোর অনুমতি না-ও দিতে পারে দেশটির ফেডারেল সরকার। সূত্র: জিও নিউজ

সরকারি একটি সূত্র জানিয়েছে, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকলেও প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী, পাকিস্তান এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। এটি কেবল ক্রিকেট নয়, এটি নীতির লড়াই। বাংলাদেশকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।’

পাকিস্তান সরকারের মতে, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে শাসনের নামে একটি নির্দিষ্ট দেশের (ভারত) পছন্দ-অপছন্দ চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদের দাবি, যেখানে ভারত ইচ্ছামতো ভেন্যু পরিবর্তনের সুযোগ পায়, সেখানে নিরাপত্তার অজুহাত থাকা সত্ত্বেও বাংলাদেশের দাবি উপেক্ষা করা হয়েছে। 

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিও আইসিসির এই নীতির কড়া সমালোচনা করে বলেছেন, ‘আইসিসির নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে নেওয়া একটি গভীর ষড়যন্ত্রের অংশ।’ তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, এই বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

এদিকে, লাহোরে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা পিসিবি চেয়ারম্যানের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। খেলোয়াড়রা একমত হয়েছেন যে, সরকার যে সিদ্ধান্ত নেবে তারা সেটিই মেনে চলবেন।

যদি শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে বিশ্ব ক্রিকেটে এক নজিরবিহীন অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে সম্প্রচারস্বত্ব এবং জনপ্রিয় ভারত-পাকিস্তান লড়াই বাতিল হওয়ার ফলে আইসিসি বড় ধরণের আর্থিক ও প্রশাসনিক সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুর্নামেন্ট বয়কটের যে হুমকি দিয়েছে, তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, পাকিস্তান যদি এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকে, তবে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। 

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি কেবল বিশ্বকাপ থেকেই নয়, বরং পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া, দ্বিপাক্ষিক সিরিজ বাতিল এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি বা এনওসি না দেওয়ার মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪