| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নারী দলের টানা পাঁচ জয়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৩:৫৭:৪২:অপরাহ্ন  |  ৬৩৬৯৬০ বার পঠিত
থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নারী দলের টানা পাঁচ জয়

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের জয়রথ থামছে না। কাঠমান্ডুর সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে নিগার সুলতানার দল নিশ্চিত করেছে টানা পঞ্চম জয়। এই জয়ে বাংলাদেশ মূল পর্বে প্রবেশের পথে একপা এগিয়ে গেল। আর এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একপা দিয়েই রাখল বাঘিনীরা।

ম্যাচে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ড থামে ১২৬ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তার আউট হন। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেই চাপ সামলে ইনিংস গুছিয়ে নেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে বড় জুটি গড়েন তারা। জুয়াইরিয়া খেলেন ৪৫ বলে ৫৬ রানের দায়িত্বশীল ইনিংস, যেখানে ছিল তিনটি চার ও চারটি ছক্কা।

অন্যদিকে সোবহানা ছিলেন আরও আগ্রাসী। ৪২ বলে ৫৯ রানের ইনিংসে তিনি মারেন ৯টি চার ও একটি ছক্কা। এই জুটিতেই বাংলাদেশের বড় সংগ্রহের ভিত তৈরি হয়। ১৫.৩ ওভারে ১২২ রানে ভাঙে এই গুরুত্বপূর্ণ জুটি।

শেষ দিকে রিতু মনির দ্রুত ১৫ রানের ক্যামিওতে স্কোর আরও শক্ত হয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।

থাইল্যান্ডের হয়ে থিপাচা পুত্থাওং ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। ফান্নিতা মায়া ও অনিচা কামচোমফুও নেন দুটি করে উইকেট।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুতে কিছুটা লড়াই দেখালেও ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। নাত্থাকান চান্থাম দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি হলেও প্রয়োজনীয় রানরেটের চাপে তারা ম্যাচে ফিরতে পারেনি।

মাঝের ওভারগুলোতে স্বর্ণা আক্তার ও রিতু মনি থাইল্যান্ডের ইনিংসে বড় ধাক্কা দেন। স্বর্ণা ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। রিতু মনি নেন ২ উইকেট, দেন ২০ রান। শুরু ও শেষ দিকে মারুফা আক্তার ছিলেন কার্যকর—৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে থাইল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১২৬ রান। ফলে ৩৯ রানের বড় জয়ে সুপার সিক্সে টানা তৃতীয় এবং টুর্নামেন্টে টানা পঞ্চম জয় নিশ্চিত করে বাংলাদেশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪