| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই হোয়াইট হাউসের অবস্থান

পশ্চিম তীর সংযুক্তির বিরোধিতা করছেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৯:০২:০৬:অপরাহ্ন  |  ৫৬৮৬৭৫ বার পঠিত
পশ্চিম তীর সংযুক্তির বিরোধিতা করছেন ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার (অ্যানেক্সেশন) উদ্যোগের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। ইসরায়েলের এ সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠার মধ্যেই সোমবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ অবস্থান স্পষ্ট করা হয়।

ওই কর্মকর্তা বলেন, পশ্চিম তীরে স্থিতিশীলতা বজায় থাকলে তা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে এবং এই প্রশাসনের মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

ট্রাম্প প্রশাসনের এই মন্তব্য আসে এমন এক সময়, যখন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণে নতুন কিছু পদক্ষেপের ঘোষণা দেন।

ঘোষিত এসব পদক্ষেপের মাধ্যমে পশ্চিম তীরের ভূমি ইসরায়েলিদের জন্য নতুন বসতি স্থাপনে আরও সহজ করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ।

ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আটটি মুসলিম-প্রধান দেশ। সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত জানায়, “এই অবৈধ ইসরায়েলি সিদ্ধান্ত ও পদক্ষেপগুলোর লক্ষ্য হলো ফিলিস্তিনি ভূখণ্ডে বেআইনি ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়া।

বিবৃতিতে আরও বলা হয়, এসব উদ্যোগ বসতি কার্যক্রম আরও জোরদার করবে এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন আইনি ও প্রশাসনিক বাস্তবতা তৈরি করবে, যা কার্যত অবৈধ সংযুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদের দিকে ঠেলে দেবে।

ইসরায়েলের পদক্ষেপের নিন্দায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাজ্য ও স্পেনও যোগ দিয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, ইসরায়েলের এসব পদক্ষেপ পরিস্থিতিকে অস্থিতিশীল করছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আল জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজন্ডো প্রশ্ন করেন, জাতিসংঘ মহাসচিব কি এসব পদক্ষেপকে কার্যত পশ্চিম তীর সংযুক্তি হিসেবে দেখছেন কি না।

জবাবে দুজারিক বলেন, এই সিদ্ধান্তগুলো আমাদের সঠিক পথে এগিয়ে নিচ্ছে না। বরং এগুলো আমাদের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জনগণের নিজেদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের সক্ষমতাকে ক্ষুণ্ন করছে।

ইসরায়েলকে নিরুৎসাহিত করতে জাতিসংঘ কী করতে পারে,এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মহাসচিব আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে কথা বলা অব্যাহত রাখবেন। তবে তিনি একা কিছু করতে পারবেন না, অন্যদেরও এগিয়ে আসতে হবে।

যুক্তরাজ্য সরকারও সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ সম্প্রসারণের নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাজ্য। ফিলিস্তিনের ভৌগোলিক বা জনমিতিক কাঠামো একতরফাভাবে পরিবর্তনের যে কোনো চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

ইসরায়েলের নতুন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনে ভবন নির্মাণের অনুমোদনের ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে সরিয়ে ইসরায়েলের হাতে নেওয়া। পাশাপাশি বেথলেহেমের কাছে র‍্যাচেলের সমাধি ও হেবরনের কেভ অব দ্য প্যাট্রিয়ার্কস নামের দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে।

রোববার এক বক্তব্যে অর্থমন্ত্রী স্মোটরিচ বলেন, এসব পরিবর্তনের লক্ষ্য হলো ইসরায়েলি ভূখণ্ডের সব এলাকায় আমাদের শিকড় আরও গভীর করা এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে চিরতরে সমাহিত করা।

এদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে সতর্ক করে বলেছে, এতে গাজায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপগুলো এবং যেকোনো সংযুক্তির চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং শান্তি পরিকল্পনা ও যুদ্ধবিরতি বাস্তবায়নের চলমান প্রচেষ্টাকে বিপন্ন করছে।

ইউরোপীয় ইউনিয়নও একই দিনে ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ইইউর মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ সম্প্রসারণের সিদ্ধান্ত আরেকটি ভুল পদক্ষেপ। আল জাজিরা

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪