ঝিনাইদহ প্রতিনিধি: আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারাদেশের মতো ঝিনাইদহেও যথাযোগ্য মর্যাদায় ৫৬তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধের চেতনায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার ভোর থেকেই শহরের পৌর স্মৃতিসৌধ পার্কে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সকাল সাড়ে ৬টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ধারাবাহিকভাবে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, ঝিনাইদহ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোঃ আব্দুল মজিদ শ্রদ্ধা নিবন্ধন করেন। পরে পর্যায়ক্রমে পুলিশ বিভাগ, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণ এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম