ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে টিভির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অপন্যা রাণী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার বাচোর ইউনিয়নের মাস্তানি টাউন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপন্যা ওই গ্রামের শ্রীকান্ত ওরফে ডংকই রায়ের একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে অপন্যার বাবা-মা বাড়িতে ছিলেন না। তাঁরা বিয়ের দাওয়াতে অংশ নিতে পাশের গ্রামে গিয়েছিলেন। ওই সময় অপন্যা বাড়িতে একা ছিল। পাশের বাড়ির এক শিশুর সঙ্গে টিভি দেখতে গিয়ে সে নিজেই টিভির সংযোগ দিতে যায়। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তবে তখনই শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বলেন, ‘টিভির তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়েটি মারা গেছে।’
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি দুর্ঘটনা ছিল।’
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।