স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ভিএআর পর্যালোচনার পর ফ্রান্সের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। প্যারাগুয়ের খেলোয়াড়রা সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও সেটিকে গ্রহণযোগ্য মনে করেননি ম্যাচ কর্মকর্তারা।
ম্যাচের ৬৪তম মিনিটে ফ্রান্সের দেজিরে দুএ বক্সের কাছাকাছি দারুণ এক দৌড়ের পর প্রতিপক্ষের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান। প্রথমে রেফারি খেলা চালিয়ে দিলেও রিপ্লেতে দেখা যায়, ফাউলের ঘটনাটি তার নজর এড়িয়ে গেছে।
এরপর ভিএআরের সহায়তায় অন-ফিল্ড রিভিউ করেন রেফারি। পুনরায় ভিডিও দেখে তিনি ফ্রান্সের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন। বিশ্লেষকদের মতে, রিপ্লে অনুযায়ী এটি স্পষ্ট ফাউল ছিল এবং প্যারাগুয়ের পেনাল্টি নিয়ে অভিযোগ করার তেমন সুযোগ ছিল না।
পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের গোলে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ফ্রান্স।
গোলের আগে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে রেফারিকে ঘিরে তীব্র প্রতিবাদ জানান প্যারাগুয়ের খেলোয়াড়রা। এমনকি এক পর্যায়ে ডিফেন্ডার ভেলাসকেজ পেনাল্টি স্পটের ঘাসও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন। পরে এমবাপ্পে বল সঠিক জায়গায় রাখেননি বলেও আপত্তি তোলে প্যারাগুয়ের খেলোয়াড়রা।
সব বিতর্কের মধ্যেই আত্মবিশ্বাসের সঙ্গে পেনাল্টি নেন এমবাপ্পে। দৌড়ের গতি সামান্য কমিয়ে গোলরক্ষক গিলকে ভুল দিকে পাঠিয়ে সহজেই বল জালে জড়ান ফরাসি অধিনায়ক। তার এই গোলে ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পায় ফ্রান্স।
দৃঢ় রক্ষণে দীর্ঘ সময় ফ্রান্সকে আটকে রাখলেও শেষ পর্যন্ত পেনাল্টির গোলেই পিছিয়ে পড়ল প্যারাগুয়ে।
রিপোর্টার্স২৪/বাবি