কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক বিরোধের জেরে আপন ভাতিজার ছুরিকাঘাতে এক চাচি নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকালে উপজেলার বলখেলা বাজারসংলগ্ন ধরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নার্গিস আক্তার। তিনি ভাতিজা নাজমুল এর ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে সকালে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান-এর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা চলছিল। এ সময় হঠাৎ উত্তেজিত হয়ে ভাতিজা নাজমুল তার আপন চাচি নার্গিস আক্তারকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নার্গিস আক্তারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত নার্গিস আক্তারের স্বামী আওলাদ ও চাচাতো ভাই শামীম বাধা দিতে গেলে তাদেরও কুপিয়ে আহত করে নাজমুল।
ঘটনার পর ঘাতক নাজমুল পালিয়ে যায়, তবে কাপাসিয়া থানা পুলিশ অভিযুক্তের বাবা জাকির হোসেনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, আওলাদ ও জাকির হোসেন আপন দুই ভাই। দুই পরিবারে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার বিকেলে জাকিরের নাতি নিরব মাদ্রাসা থেকে এসে আওলাদের ঘরে ঘুমিয়ে ছিল—এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত বিবাদের সূত্রপাত।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
রিপোর্টার্স২৪/আরএইচ