চাঁদপুর প্রতিনিধি: বৈধ সনদ ব্যতীত জ্বালানি তেল বিক্রয়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জে বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এদিন সন্ধ্যায় বিএসটিআই কুমিল্লা অফিস থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, দিগচাইল হাজীগঞ্জ ফিলিং স্টেশনে ব্যবহৃত ডিসপেন্সিং ইউনিটসমূহের অনুকূলে বিএসটিআই হতে বৈধ ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই এর মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, ব্রেড ও কেক পণ্য উৎপাদন ও বিক্রয় করা করার অপরাধে উত্তর রাঁয়চো বাজারে রহমান বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানায় প্রাপ্ত বিপুল পরিমাণ নোংরা-বাসি বিস্কুট ও ব্রেড ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল, পরিদর্শক (মেট) মো. হাফিজুর রহমান।
রিপোর্টার্স২৪/আরএইচ