| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগসহ সব দলকে আলোচনায় বসার আহ্বান চরমোনাই পীরের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১৩:৩২:২০:অপরাহ্ন  |  ১১৫৭৬ বার পঠিত
আওয়ামী লীগসহ সব দলকে আলোচনায় বসার আহ্বান চরমোনাই পীরের

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের রাজনৈতিক সংকট নিরসন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, দল-মতনির্বিশেষে সবাইকে ব্যক্তিস্বার্থ পরিহার করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে দাবি করলেও তাদের বর্তমান কর্মকাণ্ডে সেই কল্যাণের রাজনীতির প্রতিফলন দেখা যাচ্ছে না। জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই বিএনপি, আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল আছে, সবাই একসঙ্গে বসি। আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা জড়িত। আমরা চাই, এ দেশটা সুন্দর দেশ হবে। সবাই একসঙ্গে কাজ করব এবং সব ধরনের ব্যক্তিস্বার্থ পরিহার করব।’

নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে রেজাউল করিম বলেন, আপনারা এ দেশেরই সন্তান। তবে আওয়ামী লীগের নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না।

তিনি প্রশ্ন তুলে বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনীতি? এসব কর্মকাণ্ডের মাধ্যমে কখনো দেশ ও মানুষের কল্যাণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ভুল করেছি। যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম, পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।’

বিএনপিকে উদ্দেশ করে চরমোনাই পীর বলেন, ক্ষমতায় যাওয়ার আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে গণভোটের রায় কার্যকর করার বিষয়ে দলটির প্রতি আহ্বান জানান তিনি।

রেজাউল করিম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হয়নি। জনগণের রায় ও প্রত্যাশাকে উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় ইসলামী আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলে দেশ সুখী ও সমৃদ্ধ হতে পারে। সব পক্ষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন অধ্যায় তৈরি করা সম্ভব।

তার মতে, বর্তমান ও অতীতের সরকারগুলোর নীতি ও আদর্শ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় রাষ্ট্র পরিচালনায় ইসলামই একমাত্র কার্যকর আদর্শ বলে তিনি মনে করেন।

এদিকে ভোলার দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বানও জানান চরমোনাই পীর। তিনি বলেন, দ্বীপজেলা ভোলাকে মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার সরকারি চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত।

তার দাবি, ভোলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ভোলা ও বরিশালের মধ্যে সরাসরি সেতু নির্মাণ। তাই ভোলাবাসীর দাবি ও জনমতের প্রতি গুরুত্ব দিয়ে ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ভোলার মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সরাসরি ভোলা-বরিশাল সেতু নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে চরমোনাই পীরের বক্তব্যে জাতীয় রাজনীতি, গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ভোলার আঞ্চলিক উন্নয়নের বিভিন্ন বিষয় উঠে আসে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪