ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের ব্যবসায়ী কুতুবউদ্দিনের (৪২) কাছ থেকে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে মো. আলভী আহমেদ এবং অভিমানপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন। মঙ্গলবার তাঁদের ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাত সাড়ে ৯টার দিকে শহরের শুক নদীর সেতুর ওপর কুতুবউদ্দিনের গতিরোধ করে মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা। এ সময় দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে তাঁকে কুপিয়ে রক্তাক্ত করে এবং সঙ্গে থাকা নগদ ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।
আহত অবস্থায় স্থানীয়রা কুতুবউদ্দিনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরদিন তিনি সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।” তিনি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
.
রিপোর্টার্স২৪/এস