📍 চাঁদপুর প্রতিনিধি | রিপোর্টার্স২৪
চাঁদপুরে টানা দুই দিনের বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল পর্যন্ত চাঁদপুরে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তাদের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
নিচু এলাকাগুলোতে পানি, দোকানেও পানি ঢোকার আশঙ্কা
সকাল থেকে শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজির পাড়া, পালপাড়া, আলিমপাড়া ও রহমতপুর কলোনী ঘুরে দেখা গেছে—বেশ কিছু সড়কে হাঁটুপানি জমে আছে।
বিষ্ণুদী এলাকার ব্যবসায়ী বেলাল হোসেন জানান, “দোকানের সামনেই পানি, ক্রেতা আসছে না। এভাবে চলতে থাকলে দোকানে পানি ঢুকে যাবে।”
মিশন রোডের বাসিন্দা আলম খান বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুররা কাজে যেতে পারছেন না। আয় বন্ধ হয়ে গেছে।”
গ্রামীণ এলাকাতেও জলাবদ্ধতা
শুধু শহর নয়, জেলার শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক গ্রামীণ সড়ক। গেল বছরের মতো এবারও এসব অঞ্চলে বসতঘর ও সড়কে পানি উঠে পড়েছে।
লঞ্চ চলাচলেও বিপর্যয়
অতিরিক্ত বৃষ্টিপাত ও যাত্রী সংকটে ঢাকাগামী লঞ্চগুলোর সিডিউল বিপর্যয় ঘটেছে। যাত্রী না থাকায় লঞ্চ ছাড়তে বিলম্ব হচ্ছে ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত।
চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব জানান, “গত ৪৮ ঘণ্টায় ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ১৩৯ মিমি। বৃষ্টিপাতের প্রবণতা এখনো অব্যাহত আছে।”
📎 রিপোর্টার্স২৪/এস