যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলায় আব্দুল মান্নান নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করছে ছোট ভাই।
রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের এজহার মোড়লের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।
মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি ও হরিহরনগর ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, মান্নান ভাই সব সময় পরিবারে শান্তি চেয়েছেন। তিনি বিষয়টি সমঝোতার মাধ্যমে মেটাতে চাইতেন। কিন্তু ছোট ভাই হান্নান ও তার পরিবারের আচরণ পরিস্থিতিকে জটিল করে তোলে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঘটনার পর থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুল হান্নান, রেশমা খাতুন ও রহমতউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/আরএইচ