| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডি ভিলিয়ার্সের ৩৯ বলে ঝোড়ো সেঞ্চুরি

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ১৬:৫৩:৫৩:অপরাহ্ন  |  ১৫১৬৬৮৫ বার পঠিত
ডি ভিলিয়ার্সের ৩৯ বলে ঝোড়ো সেঞ্চুরি
ছবির ক্যাপশন: ডি ভিলিয়ার্সের ৩৯ বলে ঝোড়ো সেঞ্চুরি

রিপোর্টার্স ডেস্ক : ‘অস্ত্র জমা দিয়েছি; কিন্তু ট্রেনিং তো জমা দিইনি’- এখন এ কথা দিব্যি বুক ফুলিয়ে বলতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। কারণ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ঝোড়ো ব্যাটিং করেই চলছেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি করলেন এই সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার।

হেডিংলিতে রোববার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ১৫ চার ও ৮ ছক্কায় ৪৬ বলে ১২৩ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। মাত্র ৩৯ বলে এদিন সেঞ্চুরি পূরণ করেন ৪১ বছর বয়সী এ তারকা।আগের ম্যাচেও ছিলেন বিধ্বংসী। ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে ৪১ বলে সেঞ্চুরি করেন ৭ ছক্কা ও ১৫ বাউন্ডারিতে। পরে ৫১ বলে ১১৬ রানের অপরাজিত থাকেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। তৃতীয় বল থেকেই ছক্কা হাঁকাতে শুরু করেন ডি ভিলিয়ার্স। অষ্টম ওভারে পেসার পিটার সিডলের টানা তিন বলে একটি চার ও দুটি ছক্কার পথে পঞ্চাশে পা রাখেন তিনি ২২ বলে। পরের পঞ্চাশ করতে লাগে ১৭ বল।১৩তম ওভারে সেঞ্চুরি পূরণের পথে স্পিনার ডি আর্কি শটের টানা পাঁচ বলে চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। পরের ওভারে সিডলকে আরেকটি চারের পর ক্যাচ দিয়ে শেষ হয় তার বিস্ফোরক ইনিংসটি।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ডি ভিলিয়ার্স। পেশাদার ক্রিকেটকে বিদায় বলেছেন, তাও প্রায় চার বছর হয়ে গেছে। তবে ২২ গজে এখনও পুরোনো রূপেই দেখা যাচ্ছে তাকে।

সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে যদিও তিনি ভালো করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে তিন নম্বরে নেমে ৪ বলে করেন ৩ রান। তারপর থেকে খুনে ব্যাটিংয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি।দ্বিতীয় ম্যাচে ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে চার নম্বরে নেমে ৩ ছক্কা ও ৪টি চারে ৩০ বলে খেলেন অপরাজিত ৬১ রানের ইনিংস। পরের দুই ম্যাচে ওপেনিংয়ে নেমে করলেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ২৪১ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা।

রিপোর্টার্স২৪/সোহাগ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪