| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১৮:১৭:১৪:অপরাহ্ন  |  ১৩০৯২৮৬ বার পঠিত
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ
ছবির ক্যাপশন: এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ। আর সেই সুপার ফোরের প্রথম ম্যাচেই দারুণ সূচনা করল টাইগাররা। শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ দল।

লঙ্কানদের ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে টাইগাররা। দলীয় স্কোর মাত্র ১ রানেই শূন্য রানে আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। তবে সেই চাপ সামলে নেন সাইফ হাসান ও লিটন দাস। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি, যা একসময় পৌঁছে যায় অর্ধশতকে।

দলীয় স্কোর ৬০ রানে ভাঙে দ্বিতীয় উইকেটের জুটি। ব্যক্তিগত ২৩ রানে আউট হন লিটন দাস। তবে তখনো এক প্রান্তে অবিচল ছিলেন সাইফ হাসান। চার-ছক্কায় ঝড় তোলা ব্যাটিংয়ে তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। এরপরই ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন সাইফ।

হৃদয়ের সঙ্গে জুটি গড়তে গড়তে সাইফ খেলেন ৪৫ বলে দুর্দান্ত ৬১ রানের ইনিংস। তার বিদায়ের পর মূল দায়িত্ব কাঁধে নেন হৃদয়। আগের দুই ম্যাচে ব্যর্থ হলেও এদিন ফিরলেন দারুণ ছন্দে। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে দলকে জয়ের খুব কাছে নিয়েও ৫৮ রানে থামতে হয় তাকে।

শেষ সময়ে শামীম পাটোয়ারী খেলেন ১২ বলে অপরাজিত ১৪ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস। তবে তার ব্যাটিংয়ের মাঝেই অন্য প্রান্তে ঘটে যায় একটুখানি নাটকীয়তা।

ইনিংসের শেষ ওভারে দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। তাতে জয় পেতে কিছুটা সংশয় হলেও ১ বল বাকি থাকতে জয় তুলে নেয় টাইগাররা। লঙ্কানদের হয়ে ২টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দাসুন শানাকা।
এর আগে, দিনের শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে এদিন সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন দাসুন শানাকা। শুরুটা অবশ্য বেশ আক্রমণাত্মক ছিল লঙ্কানদের। তবে উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের শেষ বলে মিডল ও লেগ স্টাম্পের ওপর থেকে টেনে খেলতে চেয়েছিলেন পাথুম নিশাঙ্কা, টাইমিং ভালো না হওয়ায় ডিপ মিডউইকেটে সাইফ হাসানের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ২২ রান করেন এই ওপেনার।

নিশাঙ্কা ফিরলেও পরে আরেক ওপেনার মেন্ডিস রানের চাকা সচল রাখেন। এরপর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান তোলে শ্রীলঙ্কা। তবে পাওয়ার প্লে শেষে রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। অষ্টম ওভারে চতুর্থ বলে শেখ মেহেদিকে সুইপ করতে যান মেন্ডিস কিন্তু টপ এজ হয়ে বল উপরে উঠে যায়, ডিপ ব্যাকওয়াড স্কয়ার লেগে এবারও বল তালুবন্দি করেন সাইফ। 

পরে কামিল মিশরা-কুসাল পেরেরারা সুবিধা করতে পারেনি। এই সময়ে বেশ নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশ। অবশ্য শেষদিকে দারুণ ব্যাটিং করেন দাসুন শানাকা ও চারিথ আসালঙ্কা। বিশেষ করে শানাকা রীতিমতো ঝড় তোলেন। ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

শেষ দিকে অভিজ্ঞ ব্যাটার আসালঙ্কা ঝড় তুলেন। মাত্র ১২ বলে তার ২১ রানের ক্যামিও লঙ্কানদের সংগ্রহকে দেড়শ রানের ঘর ছাড়িয়ে দেয়। তবে বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতেই সাফল্য তুলে নেন।
ইনিংসের সেরা বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান। তিনি মাত্র ২০ রান খরচায় নেন ৩ উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেন শেখ মেহেদি হাসান, যিনি শিকার করেন ২টি উইকেট। আর একটি উইকেট দখল করেন তাসকিন আহমেদ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪