স্পোর্টস ডেস্ক: নতুন বলে দারুণ শুরু করেছিলেন তানজিম হাসান সাকিব। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন তিনি। পরের ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নাসুম আহমেদও ভালো বোলিং করেছেন। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের সম্ভাবনা তৈরি করেছিলেন সাকিব। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ ফেলেছেন জাকের আলি।
৭ রানে জীবন পাওয়া অভিষেক পরের ওভারেই জ্বলে উঠেন। নাসুমকে দুই ছক্কা ও এক চার মেরে হাত খুলে খেলা শুরু করেন। সেই শুরু, এরপর পুরো পাওয়ার প্লের বাকি ওভারগুলোতে রীতিমতো ঝড় বইয়ে দেন। ৩ ওভারে ১৭ করা ভারত পাওয়ার প্লের পরের ৩ অভারে তুলে ৫৫ রান। সবমিলিয়ে ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৭২ রান।
পাওয়ার প্লে শেষেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে প্রথম অবার আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন রিশাদ। এই লেগিকে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন শুবমান গিল। সাজঘরে ফেরার আগে ১৯ বলে করেন ২৯ রান।
গিল ফিরলেও ব্যাক্তিগত ফিফটি পেয়েছেন অভিষেক শর্মা। ২৫ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
নবম ওভারে আবারো উইকেট পেয়েছেন রিশাদ। তিনে নামা শুবম দুবে ২ রানের বেশি করতে পারেননি।
এরপর বাংলাদেশ অনেকক্ষণ উইকেটের দেখা না পেলেও ১২তম ওভারে দুটি উইকেট হারিয়েছে ভারত। মোস্তাফিজের প্রথম বলে রানআউট হয়েছেন অভিষেক শর্মা।
রানআউট হলেও উইকেটটা রিশাদের নামে লিখে দেওয়া যায়। মোস্তাফিজের বল গিল খেলেছিলেন থার্ড ম্যানের অঞ্চলের দিকে। দারুণ ফিল্ডিংয়ে বল হাতে নিয়ে দ্রুত থ্রো করেছেন নন স্ট্র্রাইকে। কারণ, অনেকখানি বেরিয়ে এসেছিলেন অভিষেক।
স্টাম্পের কাছে থাকা মোস্তাফিজ বল হাতে নিয়ে যখন স্টাম্প ভাঙেন, তখনও অভিষেকও বেশ খানিকটা দূরে। আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের জন্য পাঠালেও অভিষেক আগেভাগেই হাঁটা দিয়েছেন।
শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক মোস্তাফিজের শর্ট বলে লেগ সাইডে খেলতে গেল বল ব্যাটের কানায় লেগে যায় জাকেরের হাতে। আম্পায়ার অবশ্য আউট দেননি। ক্যাচ নেওয়া জাকের ছিলেন আত্মবিশ্বাসী। নেন রিভিউ। তাতেই মাঠের আম্পায়ারকে বদলাতে হয়েছে সিদ্ধান্ত। ভারত অধিনায়ক সূর্যকুমার ফিরেছেন ১১ বলে ৫ রান করে।
এরপর ব্যাটিংয়ে থিতু হতে চেয়েছেন হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরেই তানজিম পেলেন তিলকের উইকেট। তাঁর স্লোয়ার ডেলিভারিতে স্লগ করতে চেয়েছিলেন তিলক, স্কয়ার লেগে ক্যাচ নিয়েছেন সাইফ হাসান। ১৫তম ওভারের তৃতীয় বলে ভারত হারাল পঞ্চম উইকেট। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন অক্ষর প্যাটেল। অন্য প্রান্তে হার্দিক পান্ডিয়া।
উইকেট পাওয়া ওভারটিতে তানজিম দিয়েছেন ৫ রান। সব মিলিয়ে তিন ওভারে তাঁর খরচ ১৫।
১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩২ রান।
রিপোর্টার্স২৪/ধ্রুব