রিপোর্টার্স ২৪ ডেস্ক: জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে পুলিশ-‘জুলাই যোদ্ধা’দের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে ৷ গেট ভেঙে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের অনুষ্ঠানের মঞ্চ এলাকা থেকে বের করে দেওয়ার পর বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা। এরপর সংসদ ভবন এলাকা থেকে তাদের বের করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও লাঠি হাতে ধাওয়া দেন পুলিশ ও এবিপিএনের সদস্যা।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে এই সংঘর্ষের সূত্রপাত হয়, যা দুপুর ২টার পর পর্যন্ত চলমান ছিল ৷ সংসদ ভবন এলাকায় সরজমিনে এসব চিত্র দেখা গেছে।
এর আগে সকাল ১০টার পরে জুলাই যোদ্ধারা কিছু দাবিদাওয়া নিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। তাদের সরিয়ে দেওয়ার জন্য দুপুর একটা পর্যন্ত পুলিশ আলোচনার মাধ্যমে সমঝোতা করতে চায়৷ তবে তারা এতে রাজি হয় না। এরপর লাঠিচার্জ করে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়।
বের হওয়ার পরে জুলাই যোদ্ধারা পুলিশের ওপর চড়াও হয়। খেজুরবাগান এলাকায় রাখা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়৷ এরপর এমপি হোস্টেলের সামনে কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ করে।
সংঘর্ষে থাকা জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া আশিক শাহরিয়ার শাফি বলেন, `আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম। বিনা উসকানিতে পুলিশ আমাদের লাঠিপেটা করে সংসদ ভবন থেকে বের করে দেয়। এরপর তারা আমাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোঁড়ে। এখনো আমাদের ওপর পুলিশ হামলা চালাচ্ছে।’
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা হলে তারা দাবি করেন, পুলিশি অ্যাকশনে তাদের অন্তত ২৫ জন আহত হয়ে ঢামেকে চিকিৎসার জন্য গেছে। ছত্রভঙ্গ হয়ে তারা জিয়া উদ্যান ও ফার্মগেট এলাকায় অবস্থান করছে। সবার সঙ্গে যোগাযোগ করে তারা আবার এক জোট হয়ে সংসদ ভবনের সামনে আসবে।
রিপোর্টার্স২৪/এসসি