রিপোর্টার্স২৪ ডেস্ক: নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়ে আলোচনায় সরগরম দেশের ক্রীড়াঙ্গন। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে সরকার। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, জাহানারা চাইলে সরকার তার অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত।
এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্রীড়াঙ্গনে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। জাহানারা আলম যদি আইনি পথে যেতে চান, সরকার সব ধরনের সহযোগিতা করবে।
সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন।
অভিযোগের পরই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের নজরেও এসেছে, এবং জাহানারার সঙ্গে যোগাযোগ করে সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আসিফ মাহমুদ সজীব আরও বলেন,আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, তাই আইনি প্রক্রিয়ায় গেলে কেউ যেন শাস্তি এড়িয়ে যেতে না পারে, তা সরকার নিশ্চিত করবে।
তিনি আরও যোগ করেন, যৌন হয়রানির ঘটনা শুধু নারী ক্রিকেট নয়, পুরো ক্রীড়া জগতের জন্য বড় হুমকি। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি ও ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত মঞ্জুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া পায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম