রিপোর্টার্স ডেস্ক: বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে দেশটির মন্ত্রিসভার উচ্চপর্যায়ের নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে দাবি করা হয়েছে, নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ।
বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে লাল কেল্লার কাছে ১১ নভেম্বরের বিস্ফোরণে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এরপর হামলার নিন্দা জানিয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়।
সরকারের বিবৃতিতে সোমবারের ওই বিস্ফোরণকে প্রথমবারের মতো ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে বলা হয়, দেশবিরোধী শক্তির সংঘটিত এক জঘন্য সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করেছে ভারত।’’ওই ঘটনাকে ‘‘রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর পরিচালিত নৃশংস ও কাপুরুষোচিত কাজ’’ বলে অভিহিত করা হয় বিবৃতিতে।
এছাড়া নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক. নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং ঘটনাস্থলে দ্রুত ছুটে যাওয়া চিকিৎসাকর্মী ও উদ্ধারকারী দলের নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতারও প্রশংসা করা হয় বিবৃতিতে।
মন্ত্রিসভা বলছে, হামলার ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ভারতের প্রতি সংহতি জানিয়েছে।
এই ঘটনায় সরকার তদন্ত ‘সর্বোচ্চ অগ্রাধিকার ও পেশাদারিত্বের সঙ্গে’ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ভারত; যাতে হামলাকারী, তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা যায়। সূত্র: এনডিটিভি, এএফপি।
রিপোর্টার্স২৪/বাবি