| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমবাপে ঝড়ে ইউক্রেনকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ০৯:৪০:২০:পূর্বাহ্ন  |  ১০৪৪৬৮৯ বার পঠিত
এমবাপে ঝড়ে ইউক্রেনকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স
ছবির ক্যাপশন: এমবাপে ঝড়ে ইউক্রেনকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স

রিপোর্টার্স২৪ ডেস্ক : কিলিয়ান এমবাপের দুর্দান্ত ফর্ম যেন থামতেই জানে না। তার জোড়া গোলের জাদুতে ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়নরা। আর ম্যাচটিতেই নিজেদের উজ্জ্বল তারকা এমবাপে ছুঁলেন ক্যারিয়ারের অনন্য এক মাইলফলক ৪০০ গোল!

রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে আগুনে ফর্মে আছেন এমবাপে। জাতীয় দলের জার্সিতেও তার ধারাবাহিকতা চোখে পড়ার মতো। ক্লাব ও দেশের হয়ে চলতি ২০ ম্যাচে ২৮ গোল করে নিজের আধিপত্য ধরে রেখেছেন ২৬ বছর বয়সী এই সুপারস্টার।

ম্যাচ শুরুর আগেই প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে দাঁড়িয়ে ২০১৫ সালের নভেম্বরে ফ্রান্সে জঙ্গি হামলায় নিহত ১৩২ জনকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিবাদে সংহতিও জানায় আয়োজকরা। এরপর ম্যাচ মাঠে গড়ালে দাপট দেখাতে থাকে দেশমের শিষ্যরা।

যদিও প্রথমার্ধ গোলশূন্য থাকে, তবে এর বড় কৃতিত্ব ইউক্রেন গোলরক্ষক আনাতোলি ট্রুবিনের। এমবাপে, বারকোলা ও ওলিসেদের বেশ কয়েকটি শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন তিনি। তবে বিরতির পর আর আটকানো যায়নি ফরাসি আক্রমণভাগকে।

৫৩ মিনিটে এমবাপের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে পায় ফ্রান্স ভাঙে ম্যাচের ডেডলক। এরপর ওলিসেকে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে দারুণ এক পানেনকা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে।

৭৬ মিনিটে ওলিসের দূরপাল্লার শটে ব্যবধান বাড়ায় ফ্রান্স। এরপর ৮৩ মিনিটে এমবাপে করেন নিজের দ্বিতীয় গোল, যা জাতীয় দলের জার্সিতে তার ৫৫তম গোল। ফরাসি ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জিরুর (৫৭) রেকর্ড ভাঙতে এখন মাত্র দু’গোল দূরে তিনি।

৮৮ মিনিটে বদলি হিসেবে নামা হুগো একিতিকে এমবাপের সঙ্গে দারুণ ওয়ান-টু করে নিচু শটে গোল করে ব্যবধান দাঁড় করান ৪-০তে। পুরো ম্যাচজুড়ে ২৩টি শট নেয় ফ্রান্স, যার ৯টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ইউক্রেন কোনো লক্ষ্যমাত্রায় শটই নিতে পারেনি।

এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো ফ্রান্সের। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আইসল্যান্ড ও ইউক্রেন আছে দুই ও তিন নম্বরে। মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪