| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করল অস্ট্রেলিয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১৬:০৪:০৯:অপরাহ্ন  |  ১১৬২৭৭৫ বার পঠিত
১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করল অস্ট্রেলিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে অস্ট্রেলিয়া। বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাত থেকে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ মোট ১০টি বড় প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করতে এসব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (৩৩ মিলিয়ন ডলার) জরিমানা হতে পারে।

নতুন আইনকে প্রযুক্তি প্রতিষ্ঠান ও মতপ্রকাশের স্বাধীনতা–সচেতন সংগঠনগুলো সমালোচনা করলেও শিশু সুরক্ষা–অধিকারকর্মী ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন। শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তেই এ উদ্যোগ নেয় দেশটি।

স্কাই নিউজ অস্ট্রেলিয়ার প্রচারের জন্য রেকর্ড করা এক বার্তায় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজে বলেন, এ নিষেধাজ্ঞার লক্ষ্য তরুণদের চাপ কমানো এবং অনলাইন জগত থেকে দূরে রেখে বাস্তব জীবনের অভিজ্ঞতায় ফেরানো। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী ছুটিটা ফোন স্ক্রল করে নষ্ট না করে খেলাধুলা, সংগীত কিংবা বই পড়ার মতো কাজে লাগাও। বন্ধু ও পরিবারের সঙ্গে মুখোমুখি সময় কাটাও।

বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। ডেনমার্ক থেকে মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্ল্যাটফর্মগুলোর মধ্যে এলন মাস্কের এক্স ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো বয়স যাচাই–প্রযুক্তি ব্যবহার করে নিয়ম মানতে রাজি হয়েছে। তবে মাস্ক এ পদক্ষেপকে ‘ইন্টারনেট নিয়ন্ত্রণের পেছনের দরজা’ হিসেবে আখ্যায়িত করেছেন। নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে অস্ট্রেলিয়ার হাইকোর্টে একটি মামলা চলমান।

সরকারি তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আগে দেশটির ৮ থেকে ১৫ বছর বয়সী ৮৬ শতাংশ শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করত। অনেক তরুণ আশঙ্কা করছেন, এ নিষেধাজ্ঞা কিছু কিশোর-কিশোরীকে অনলাইন সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করতে পারে।

১৪ বছর বয়সী অ্যানি ওয়াং বলেন, এটা এলজিবিটিকিউ কিশোর বা বিশেষ আগ্রহসম্পন্নদের জন্য কঠিন হবে। অনেকেই অনলাইনে তাদের সম্প্রদায় খুঁজে পায়, নিজেদের মনের কথা বলতে বা সাহায্য চাইতে পারে। তাই কারও জন্য হয়তো ভালো হবে, আবার কারও মানসিক স্বাস্থ্যের জন্য খারাপও হতে পারে।-রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪