স্টাফ রিপোর্টার : বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অব্যাহত অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এতে ১৫ দিন ধরে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সাধারণ নাগরিক থেকে শুরু করে সেবা প্রত্যাশী কেউই পাচ্ছেন না কাক্সিক্ষত সেবা।
বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে নগরভবনে ঘুরে দেখা যায়, মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে ঝুলছে তালা। বন্ধ রয়েছে সব ধরনের সেবা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। এ সময় তারা ‘শপখ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে তালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’ এমন স্লোগান দিতে দেখা যায় তাদের।
আন্দোলনকারীরা বলছেন, নাগরিক সেবায় যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছে তার দায় স্থানীয় সরকারের। কারণ স্থানীয় সরকারের টালবাহানায় আদালতের রায়ের পরেও ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না।
তারা আরও বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর আগ পর্যন্ত নগরভবনের তালা খোলা হবে না। তবে নগরভবনের তালা বন্ধ থাকলেও নাগরিক সেবার সঙ্গে সম্পর্কিত পরিচ্ছন্ন বিভাগের কাজ চলমান থাকবে।
এদিকে এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলেন, সাধারণ নাগরিকদের যেন কোনও ধরনের ভোগান্তি না পোহাতে হয় তার জন্য আমরা পরিচ্ছন্নতা বিভাগের সব ধরনের কাজে সহযোগিতা করছি।
তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হলে আমরা আবারও কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামবো। আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়রের পদে বসাবে।
ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে এই আন্দোলন শুরু হয়। আজও বেলা ১১টা থেকে নগর ভবনের বাইরে ও ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থক ও দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের একটি বড় অংশ।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে চলমান আন্দোলনের কারণে টানা ১৫ দিন ধরে নগরভবনে তালা ঝুলিয়ে রেখেছে তার সমর্থকরা। ফলে নগর ভবন কেন্দ্রিক সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়।
রিপোর্টার্স২৪/আরএইচ