ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় শুক্রবার গভীর রাতে হজরত বাবা শাহ সত্যপীরের মাজার ও আশেপাশের কয়েকটি কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাজারটি জগন্নাথপুর ইউনিয়নস্থ বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত। দুর্বৃত্তরা রাতের আঁধারে মাজারের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পাশে থাকা তিনটি কবরও ভাঙচুর করে। তবে মূল মাজার ও দানবাক্স অক্ষত রয়েছে।
শনিবার ভোরে ফজরের নামাজের সময় স্থানীয় মুসল্লিরা ভাঙচুরের বিষয়টি দেখেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানিয়েছেন, মাজারে কখনও কোনো অনৈতিক কার্যক্রম বা অনুষ্ঠান হয়নি। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। মাজার কমিটি ও সাধারণ মানুষ দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শাহ সত্যপীর মসজিদ ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, ফজরের নামাজের সময় আমরা মাজারের গ্রিল ও কবর ভাঙচুরের চিত্র দেখেছি। সুষ্ঠু তদন্ত এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানাই।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার, ডিবি পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উগ্রপন্থীরা এ ঘটনার পেছনে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান, পুলিশের একাধিক টিম তদন্ত করছে। শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।
রিপোর্টার্স২৪/এসসি