| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘন কুয়াশায় মাঝ নদীতে রাত কাটলো বরযাত্রীদের, ১৬ ঘণ্টা পর উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৯:৪০:৪৮:অপরাহ্ন  |  ৩৪৬৬১৩ বার পঠিত
ঘন কুয়াশায় মাঝ নদীতে রাত কাটলো বরযাত্রীদের, ১৬ ঘণ্টা পর উদ্ধার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি: ঘন কুয়াশা ও তীব্র শীতে যমুনার মাঝ নদীতে রাত কাটাতে হলো বরযাত্রীদের। ফায়ার সার্ভিসের সহায়তায় ১৬ ঘণ্টা পর তারা নিরাপদে উদ্ধার হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরযাত্রীবাহী নৌকাটি উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলার জামথল ঘাটে আনা হয়।

ফায়ার সার্ভিস ও নৌকার যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, বরযাত্রী বহনকারী নৌকাটি রাতভর নদীতে অবস্থান করে। শনিবার ভোরে একটি মাছ ধরার নৌকার সহায়তায় তারা জামথল ঘাটের দিকে ফেরার চেষ্টা করেন। পরে ঘাট থেকে আরও একটি নৌকা পাঠিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় সকল যাত্রী নিরাপদে ঘাটে পৌঁছান।

বর নিলয় হাসান ছানি জানান, শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকা থেকে ৪৭ জন বরযাত্রী নিয়ে বগুড়া শহরের সাবগ্রামের চারমাথা এলাকায় বিয়ের অনুষ্ঠানে যান। বিয়ের কাজ শেষে সন্ধ্যা ৬টার দিকে বর-কনেসহ ফেরার পথে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কলীতলা ঘাট থেকে নৌকা যমুনার মাঝ নদীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি পথ হারিয়ে ফেলেন। রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সাহায্য পাওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় নৌকা নদীতে নোঙ্গর করে রাতভর অবস্থান করতে হয়।

বরের বড় ভাই রাশেদুল ইসলাম বাবু বলেন, “শীতের এই দীর্ঘ রাত জীবনের এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। শিশুদের সঙ্গে রাত পার করা খুব কষ্টকর ছিল, তবে সবাই সুস্থভাবে ফিরতে পেরেছি।”

বরযাত্রী আক্তারুজ্জামান বলেন, “সারারাত খুব কষ্টে কেটেছে। শীত, নিরাপত্তার ভয়, ছোট শিশু ও মেয়ে নিয়ে রাত পার করতে হয়েছে। মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছিল। প্রশাসনের তেমন কোনো সহায়তা পাইনি। সকালে মাছ ধরার একটি নৌকা দিয়ে কিছু দূর এসেছি, পরে ঘাট থেকে পরিবারের লোকজন নৌকা পাঠায়।”

নৌকায় বর-কনে ছাড়াও ১৭ জন নারী, ৯ জন শিশু এবং মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চার শিশুর বয়স ১ থেকে দেড় বছরের মধ্যে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪