| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রেললাইনে আগুন দিয়েছে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা,ট্রেন চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ২০:১০:২৫:অপরাহ্ন  |  ২৮৬৬৪৯ বার পঠিত
রেললাইনে আগুন দিয়েছে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা,ট্রেন চলাচল বন্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ময়মনসিংহ (গফরগাঁও) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মনোনয়নবঞ্চিত নেতা মুশফিকুর রহমান ও সিদ্দিকুর রহমানের অনুসারীরা রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও আগুন লাগিয়ে ট্রেন চলাচল বিঘ্নিত করেছে। পুলিশ ও সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

শনিবার(২৭ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকরা গফরগাঁও রেলস্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে তাকে বের করে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এরপর রেললাইনের ওপর টায়ার ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভের সূত্রপাত ঘটে যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছায়। মনোনয়নবঞ্চিত নেতা মুশফিকুর রহমান ও সিদ্দিকুর রহমানের অনুসারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকরা বিক্ষোভ শুরু করে রেললাইনে আগুন ধরিয়েছে। ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

মনোনয়নপ্রাপ্ত আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁওয়ের মানুষ দীর্ঘ দেড় দশক ভোটাধিকার বঞ্চিত। আমি শান্তি ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ করব। আমরা প্রতিহিংসার রাজনীতি করব না।

অপরদিকে মনোনয়নবঞ্চিত নেতা মুশফিকুর রহমান বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি যোগ্য নন। বিএনপির সব গ্রুপ মাঠে নেমেছে। রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিয়েছে।

সিদ্দিকুর রহমান বলেন, আমি ঢাকায় রয়েছি। বিক্ষোভে আমার লোক থাকতে পারে। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মোটেও ঠিক হয়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর স্থানীয় ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, রেললাইনের বিভিন্ন স্থানে আগুনের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উপজেলা শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪