স্টাফ রিপোর্টার: মাদক ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির আহ্বায়ক মো. মোতালেব শিকদারের ওপর গুলি চালানো হয়েছে। র্যাব-৬-এর অভিযানে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন ঘটনা স্বীকার করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে খুলনা র্যাব-৬-এর সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতের ঘটনায় মো. মোতালেব শিকদারের ওপর গুলি চালানো হয়।
এর আগে র্যাব-৬ নগরীর বসুপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী শামীম শিকদার ওরফে ডিকে শামীম, ওরফে ঢাকাইয়া শামীম এবং মাহাদিনকে গ্রেপ্তার করে। এ মামলায় আরও এক সন্দেহভাজন মো. আরিফ এবং এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির খুলনা জেলার যুগ্ম সদস্যসচিব তানিমা তন্বীকেও গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মেজর নাজমুল ইসলাম বলেন, ঘটনার পরপরই র্যাব-৬ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরবর্তীতে প্রাথমিকভাবে কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়।
তিনি আরও জানান, শুক্রবার রাতে সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকা থেকে শামীম শিকদার ওরফে শামীম ও মাহাদিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং নিজেই মোতালেব শিকদারের মাথায় গুলি চালানোর বিষয়টি জানিয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/এসসি