গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকেই নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে দৃশ্যমানতা একেবারে কমে গেলে নিরাপত্তার স্বার্থে ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন ঘাট ও পন্টুনে ছোট-বড় অন্তত সাতটি ফেরি পূর্ণ লোড নিয়ে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। তবে মাঝনদীতে কোনো ফেরি আটকা পড়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানসহ শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,
ঘন কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল রাখার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাই দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি