| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেকের অনুষ্ঠানের নামে চাঁদা দাবি, দোকানে তালা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ২১:২৮:১৭:অপরাহ্ন  |  ১৮১৩১২৩ বার পঠিত
তারেকের অনুষ্ঠানের নামে চাঁদা দাবি, দোকানে তালা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বিএনপির পৌর উপদেষ্টা কমিটির নেতা শাহিন গাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে তারেক রহমানের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি এবং টাকা না দেয়ায় দোকানে তালা লাগানোর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী তৌহিদুল ইসলাম (৫৮) পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং স্টেট এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাড়ির পাশের জমিতে নির্মিত তার দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়।

তিনি জানান, গত ১৯ ডিসেম্বর দোকানের সামনে কাজ করার সময় শাহিন গাজী তার কাছে এসে বলেন, তারেক রহমান বাংলাদেশে আসছেন। আমরা ঢাকায় যাবো, খরচ দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে চলে যান। পরে এলাকার ঠিকাদার জাহাঙ্গীরের মাধ্যমে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

তৌহিদুল ইসলাম বলেন, আমি জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনুকে বিষয়টি জানিয়েছি, তারপরও ওরা দোকানে তালা দিয়েছে। আমি পাঁচ হাজার টাকা দিতে রাজি হয়েছিলাম, কিন্তু শাহিন আরও ক্ষিপ্ত হয়ে ঢাকার কর্মসূচি শেষ করে ফিরে এসে দোকানে তালা দিয়ে হুমকি দিয়েছেন।

তিনি দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন; তবে তাকে আগেও ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে হুমকি দেওয়া হয়েছে। দীর্ঘদিন হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য ২০ ডিসেম্বর থেকে ঢাকায় ছিলেন।

ঠিকাদার জাহাঙ্গীর বলেন, শাহিন আমাকে তৌহিদুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দিতে বলেছিলেন। আমি বিষয়টি জানালে তিনি পাঁচ হাজার টাকা নিতে রাজি হন। এরপর শাহিন রাগারাগি করেন এবং দোকানে তালা দেওয়ার ঘটনা ঘটে।

অভিযোগ অস্বীকার করে শাহিন গাজী বলেন, তৌহিদুল ইসলাম আওয়ামী লীগের সঙ্গে জড়িত। টাকা চাওয়া বা দোকানে তালা দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অন্যায়ভাবে কারও দোকানে তালা দেওয়া আইনসম্মত নয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, তারেক রহমানের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪