অভয়নগর(যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার ৮ নম্বর সিদ্দ্বীপাশা ইউনিয়নের ধুলগ্রামে দরিদ্র মৎস্যজীবীদের মাঝে মাছ ধরার জন্য বিনামূল্যে নৌকা বিতরণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডা. মঞ্জুর মোর্শেদ, ৮ নম্বর সিদ্দ্বীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. আবুল হোসেন গাজী, ধুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহাদত হোসেন, রুডোর পরিচালক সৈয়দ সিরাজুল হক ও ইউপি সদস্য এস এম ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, দরিদ্র মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে নৌকা বিতরণ একটি কার্যকর উদ্যোগ। এতে তাদের জীবিকা নির্বাহের সুযোগ বাড়বে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত হবে। কর্মশালায় ১৭ জন দরিদ্র মৎস্যজীবীর জন্য নৌকা বিতরণের প্রক্রিয়া ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি