কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নাজমুল হাসান নামে এক নিরপরাধ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লব।
দলটির পক্ষ থেকে জানানো হয়, আটক নাজমুল হাসান দেবিদ্বার পৌর এলাকার ইকরা নগরীর প্রবাসী জালাল মিয়ার ছেলে এবং কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি কোনোভাবেই আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নন। বরং ২০১৬ সাল থেকে তিনি ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সক্রিয় সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সাহসী অংশগ্রহণকারী।
বিবৃতিতে বলা হয়, গত ১৩ ডিসেম্বর দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী নাজমুল হাসানকে তার বাবার মুদি দোকান থেকে আটক করেন। পরদিন তাকে একটি নাশকতার মামলায় কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইনসানিয়াত বিপ্লবের দাবি, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার প্রতিশোধমূলক পদক্ষেপ।
দলটি মনে করে, একজন নিরপরাধ শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানো রাষ্ট্রের আইনশাসন, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অধিকারের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনা ছাত্রসমাজকে ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
বিবৃতিতে অবিলম্বে নাজমুল হাসানের নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
একই সঙ্গে ইনসানিয়াত বিপ্লব হুঁশিয়ার করে জানায়, দ্রুত এই অন্যায়ের প্রতিকার না হলে দলটি সারাদেশব্যাপী শান্তিপূর্ণ কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
রিপোর্টার্স২৪/বাবি