| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাখাইনে চলছে বিমান হামলা, গোলাবর্ষণ, নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১০:৩৬:৫১:পূর্বাহ্ন  |  ৩০৭৮৯২ বার পঠিত
রাখাইনে চলছে বিমান হামলা, গোলাবর্ষণ,  নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর

রিপোর্টার্স ২৪ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আবারো ভেসে আসতে শুরু করেছে বিমান হামলা ও ভারী গোলাবর্ষণের বিকট শব্দ। এতে আতঙ্কে রাত কাটছে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের। শনিবার দিবাগত গভীর রাতে বিস্ফোরণের শব্দ আসতে শুরু করে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ২টা পর্যন্ত কিছুক্ষণ পরপর প্রচণ্ড শব্দ শোনা যায়।

বিকট আওয়াজে সীমান্তের বসতঘরের দরজা-জানালা কেঁপে ওঠে। এমন শব্দ নিকট অতীতে শোনা যায়নি বলে জানিয়েছেন বাসিন্দারা।

সূত্র জানায়, মায়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের অংশ হিসেবেই এসব বিস্ফোরণ ঘটে। সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে এবং শূন্য লাইন থেকে আনুমানিক ১৩ কিলোমিটার ভেতরে বলিবাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় উখিয়ার পালংখালী ও রাজাপালং ইউনিয়ন এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামের মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘সীমান্ত এলাকার মানুষজন আমাকে বারবার ফোন করে জানতে চেয়েছেন কী হচ্ছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। এলাকায় কেউ ঘুমাতে পারেনি।’

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রাখাইনে যুদ্ধের তীব্রতা বাড়ায় দীর্ঘদিন ধরেই তারা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। শনিবার রাতে গোলাবর্ষণের শব্দে অনেকেই পরিবার নিয়ে ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, ‘হোয়াইক্যং বিওপি এলাকার নিকটবর্তী মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাগুলো বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে নয়।’

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪