কিশোরগঞ্জ প্রতিনিধি: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। প্রচণ্ড শীত ও মৃদু শৈত্যপ্রবাহে জেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা ।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলী উপজেলায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এদিন দেশের সর্বনিম্ন। বিষয়টি নিশ্চিত করেন নিকলী প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম মাসুদ।
তিনি জানান, ২০১৪ সাল থেকে নিকলীতে আবহাওয়া পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হয়। গত বছর শীত মৌসুমে দুদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল এই উপজেলায়। চলতি শীত মৌসুমে এটিই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে কয়েকদিন ধরে টানা মৃদু শৈত্যপ্রবাহের কারণে কিশোরগঞ্জে দেখা মেলেনি সূর্যের। কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষ কাজের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন।
অতিরিক্ত শীতের প্রভাব পড়েছে পশু-পাখির ওপরও। গরু-ছাগলসহ গৃহপালিত প্রাণী ও পাখিরা ঠান্ডাজনিত কষ্টে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শীতের কারণে বোরো ধানের আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মৌসুমের শুরুতেই অতিরিক্ত ঠান্ডায় ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। আবহাওয়া অনুকূলে না এলে উৎপাদন ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি