দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। রবিবার দুপুর ১টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া মদনের ঘাট নামক সীমান্ত দিয়ে তাদের ভারতীয় সীমান্তে হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, ভারতীয় নাগরিকদের মধ্যে ৫ পুরুষ, ৫ নারী ও ৪ শিশু রয়েছেন।তারা হলেন মৃত শেখ হারুন শেখের ছেলে শেখ জব্বার (৭০), শেখ জব্বারের ছেলে শেখ হাকিম (৪৫), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩০), শেখ বান্টি (২৮), শেখ উকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০), শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৪০), শেখ রাজার স্ত্রী মাইনু বিবি (২৫), শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬০), মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০), শেখ উকিলের মেয়ে শাকিলা খাতুন (১১) এবং শেখ রাজার মেয়ে নাছরিন আক্তার (১২), ছেলে শেখ তাওহিদ (১১) ও আড়াই বছরের শিশু শেখ রহিত। তারা উড়িশ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামের একই পরিবারের সদস্য।
গত ২৫ ডিসেম্বর বিজিবি তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করে। পরে বিএসএফ রাতের আঁধারে দর্শনা সীমান্ত দিয়ে পুনরায় তাদের পুশইন করলে বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠায়।
ফেরত পাঠানোর সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মিজান ও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি উপস্থিত ছিলেন।