| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গফরগাঁওয়ে রেলের পাত কেটে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:৪১:০৭:পূর্বাহ্ন  |  142184 বার পঠিত
গফরগাঁওয়ে রেলের পাত কেটে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে দুষ্কৃতিকারীদের কারণে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি রেললাইন থেকে লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, মূল রেললাইনের একদিকের লোহার দণ্ডের প্রায় ২০ মিটার অংশ কেটে ফেলা হয়েছে।

যাত্রীরা জানিয়েছেন, ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভব হয় এবং বগিগুলো লাইন থেকে ছিটকে গিয়ে আড়াআড়িভাবে আটকে যায়। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে, দুর্ঘটনার ফলে ঢাকা-জয়দেবপুর-জামালপুর রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে আন্তঃনগর ও মেইল ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে, যার কারণে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে। ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে, যা সকাল ৯টায় দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে প্রকৌশলী ও উদ্ধারকর্মীরা লাইন মেরামত এবং বগিগুলো সরানোর কাজ চালাচ্ছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে ধরা হচ্ছে। রেলওয়ে জানিয়েছে, লাইনের সংস্কার কাজ দ্রুত শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে, তবে পুনরায় চলাচলের জন্য কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪