ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং সাবেক ইউপি চেয়ারম্যান জাফরউল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় তিনি দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাধিকার ফিরে পাওয়ায় জনগণের পক্ষে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার পেয়েছে। দল থেকে আমাকে এই আসনে মনোনয়ন দেওয়ায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
নির্বাচনী ভাবনা নিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে তিনি এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে মনোনিবেশ করবেন। তিনি তাঁর অগ্রাধিকারের তালিকায় কয়েকটি বিশেষ দিকের কথা উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন ও সামাজিক পরিবেশের উন্নয়ন, ঠাকুরগাঁওয়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনা এবং বেকারত্ব দূরীকরণে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা—এই বিষয়গুলোতে তিনি উদ্যোগ নেবেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটারদের কাছে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই প্রার্থীর সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
রিপোর্টার্স২৪/এসএন