| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: খালিদ হোসেন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৪:২৩:০০:অপরাহ্ন  |  118949 বার পঠিত
১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: খালিদ হোসেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসনের হলরুমে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জাতি এখন নির্বাচনের আবহে প্রবেশ করেছে। জনগণের সরাসরি ভোটে যারা ক্ষমতায় আসবেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা আমাদের লক্ষ্য।

ড. খালিদ হোসেন আরও বলেন, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়ম বরদাস্ত করা হবে না।

তিনি ময়মনসিংহে দীপু হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এটি একটি নিন্দনীয় ঘটনা। যারা এই হত্যাকাণ্ডে জড়িত বা সহযোগিতা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বিচার আদালতেই হবে; গণপিটুনি বা পুড়িয়ে হত্যার কোনো স্থান নেই।

ড. খালিদ হোসেন ধর্মের মূল শিক্ষা সম্পর্কে বলেন, ধর্ম শান্তি, মানবতা ও সহনশীলতার শিক্ষা দেয়। ধর্মের নামে সহিংসতা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই এ ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

কর্মশালার প্রসঙ্গে তিনি জানান, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উন্নয়ন অর্জনে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, নৈতিক শিক্ষার প্রসার এবং সামাজিক সহিংসতা রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪