জামালপুর প্রতিনিধি : জামালপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আগামী ৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জামালপুরের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান মো. ইকবাল মাহমুদ স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে জামালপুর থেকে প্রকাশিত একটি পত্রিকায় জামালপুর-৫ আসনের প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের পক্ষে ভোট চেয়ে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা-১৪২, জামালপুর-৫ (জামালপুর সদর উপজেলা) আসনের প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের পক্ষে জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল এবং জামালপুর শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরজু আকন্দ ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে বিজ্ঞাপন প্রচার করেন। পত্রিকায় প্রচারিত বিজ্ঞাপন দেখে যাচাই করে তার সত্যতা পাওয়া গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হিসেবে শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সমর্থকদ্বয়ের এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কেন আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, সে বিষয়ে আগামী ৩ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশটি অতিসত্বর জারি করে জারির প্রতিবেদন অত্র কার্যালয়ে প্রেরণের জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশের অনুলিপি নির্বাচন কমিশনের সচিব, জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের উপসচিব (আইন), জামালপুরের পুলিশ সুপার, জামালপুর জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (সদর) ও সহকারী রিটার্নিং অফিসার এবং জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কাছে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন