বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় সংবিধান বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সারাদেশে প্রচারণা চালানো হচ্ছে। এ লক্ষ্যে যশোরের শার্শায় ‘গণভোট’ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’ পরিচালিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যারাভানটি উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থান করে প্রচারণা চালায়। ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করছিল।
এই প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাকদুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়া মাহমুদ রঞ্জু, শার্শা থানার ওসি মারুফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ জনগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ তার বক্তব্যে বলেন, “সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি।”
রিপোর্টার্স২৪/এসএন