| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে: রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ২১:১৬:৫২:অপরাহ্ন  |  85451 বার পঠিত
এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে: রুমিন ফারহানা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর তিনি নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে আমার বাবা স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। আজ ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্রভাবে লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা ও তাঁর বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোধগম্যের বাইরে।’

সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আপনারা যে মার্কা চান, সেই মার্কাই আমার। আপনারা কোন মার্কা চান? এ সময় উপস্থিত অনুসারীরা সমস্বরে ‘হাঁস, হাঁস’ বলে স্লোগান দেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে দীর্ঘদিনের অবহেলিত এলাকা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও কেন সরাইল-আশুগঞ্জের অবস্থা বেহাল? কেন কোনো সংসদ সদস্য এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারেননি?

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, এবার সময় এসেছে পরিবর্তনের। এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে, এই ভোট হবে জুলুমের বিপক্ষে। এই ভোট হবে সেই মানুষের পক্ষে, যে ১৭ বছর ধরে মাঠে ছিল। মামলা-হামলার সময় যিনি সংসদে ও সংসদের বাইরে আপনাদের পক্ষে কথা বলেছেন এই ভোট হবে তাঁর পক্ষে।

এর আগে গত বুধবার রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান খাঁ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আইয়ুব হোসেনসহ কয়েক শ নেতাকর্মী ও অনুসারী।

রুমিন ফারহানার মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে ছিলেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন এবং সমর্থনকারী ছিলেন প্রচার সম্পাদক জোনায়েদ খান।

সোমবার দুপুরের দিকে রুমিন ফারহানা সরাইল উপজেলা সদরে পৌঁছালে শত শত অনুসারী মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তাকে অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, ধানের শীষের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপির আসন সমঝোতার অংশ হিসেবে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়া হয়েছে। এ আসনে দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বর্তমানে সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন নিয়ে গঠিত। রুমিন ফারহানার পৈত্রিক বাড়ি বুধন্তী ইউনিয়নে। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪